নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়িতে আগুন দেওয়ার নির্দেশসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই শোকজ করা হয়। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার চাঁন্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা এলাকায় এক সভায় পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ি দেখা মাত্র পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি ও উদ্ধত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। তাই তাকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি ও দলের সব স্তর থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না তার সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শোকজ নোটিশ না পাওয়ার কথা জানিয়ে বলেছেন, আমি জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। আমাকে উপজেলা আওয়ামী লীগ শোকজ করতে পারে না। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বলেছেন, ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাছাড়া সে উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাই তাকে উপজেলা কমিটির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। বিষয়টি আমরা লিখিতভাবে কেন্দ্র ও জেলা আওয়ামী লীগকে জানিয়েছি।
