রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকা থেকে অপহরণের পর দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের বয়স ১৪ ও ১২ বছর। অপহূত ঐ দুই কিশোরীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোন। গতকাল মঙ্গলবার সকালে তাদের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ডিবি মিরপুর জোনের উপ-পরিদর্শক (এসআই) কামাল পাশা জানান, গত মাসের ২৯ তারিখ রাত ১০টার দিকে দুই বান্ধবী বাসা থেকে বের হয়। পরে পূর্বপরিচিত আরমান, সাব্বির, আল-আমিন ও নুরুল্লাহ তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের আটকে রেখে ধর্ষণ করা হয়। সোমবার তাদের উদ্ধার করে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের এক জন সপ্তম শ্রেণি ও আরেক জন চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। তাদের আটকে রেখে পূর্বপরিচিত চার ব্যক্তি ধর্ষণ করে বলে জানিয়েছে কিশোরীরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ধর্ষণের শিকার দুই কিশোরীকে ডিবি ওসিসিতে ভর্তি করে রেখে গেছে। জানতে পেরেছি ২৯ সেপ্টেম্বর তারা মিরপুর থেকে নিখোঁজ হয়। তবে কোন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়েছে সেটা জানায়নি পুলিশ।
