নর্থ সাউথ ইউনিভার্সিটির ফল ২০২১ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন গত সোমবার অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে অংশ নেয় নবীন শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে ১ হাজার ৭০০র অধিক শিক্ষার্থী এবং সেসঙ্গে ভালো ফলাফলের জন্য প্রায় ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ভার্চুয়াল ওরিয়েন্টেশন নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করে এবং অতিথিরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি উপস্থিত থাকতে না পারায় লিখিত বক্তব্য পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে এম এ কাশেম, বেনজীর আহমেদ এবং মিজ রেহানা রহমান। —প্রেস বিজ্ঞপ্তি
