রাজধানীর তেজগাঁওয়ের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিত্সাধীন ইয়াসিন তালুকদারও (৩৫) মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান। এর আগে গত ১ অক্টোবর রাতে থানার পূর্ব তেজতুরী বাজার এলাকার ২৭/এ নম্বর বাড়িতে বিস্ফোরণে দগ্ধ হয়ে জিতু হাসান (২৮) নামে এক যুবক চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পরপরই ইয়াসিনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইনস্টিটিউটের আইসিইউতে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইয়াসিনের শরীরের ৫০ শতাংশই দগ্ধ ছিল। সকালে আইসিইউতে তিনি মারা যান। এ ঘটনায় দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছিল। দুই জনেই মারা গেলেন।’
ইয়াসিনের ভগ্নীপতি ফারুক ঢালী জানিয়েছেন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছিলেন ইয়াসিন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর থানার দাশারীতে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ।
