ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেটি ডট লিমিটেডের পরিচালক গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০০:৪১

প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেটি ডট লিমিটেডের পরিচালক রাকিবুল হাসানকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে ঢাকায় এনেছে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান মঙ্গলবার রাতে এ তথ্য জানান।

সিআইডি জানায়, ই-কমার্স সাইট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ২৪ টিকেটি ডট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি অনেক টাকা হাতিয়ে নিয়েছে। গত রবিবার তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মুসা মিয়া নামের এক জন ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাকিবুলসহ ছয় জনের নাম উল্লেখ আছে। মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি রয়েছেন আরো ১০-১৫ জন। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান সিআইডি কর্মকর্তা আজাদ রহমান।