নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বুধবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বয়রালতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-ওই গ্রামের সাইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২৫)। আহতের নাম তাসপিয়া আক্তার (২)। সে সাইবুল মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিজের নির্মাণাধীন ঘরে বিদ্যুতচালিত মোটরের সাহায্যে দেয়াল ভেজানোর কাজ করছিলেন সাইবুল মিয়া। এসময় নিজের অজান্তে বিদ্যুতবাহী লিকেজ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে এসে তার স্ত্রী আবেদা আক্তার এবং সন্তান পিংকি আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান। এসময় সাইবুল মিয়ার পাশে থাকা তার দুই বছরের শিশু কন্যা তাসপিয়া আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
ইত্তেফাক/এএএম
