তারকাদের মনে উত্সবের আমেজ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:১৯

 

শরতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। বেজেছে শারদীয় দুর্গোত্সবের ঘণ্টা। সবার মাঝে উত্সবের আমেজ। তারকাদের মাঝেও লেগেছে তার ঢেউ। এ প্রসঙ্গে কয়েকজন তারকার সঙ্গে  কথা বলেছেন মোহাম্মদ তারেক

চঞ্চল চৌধুরী

অভিনেতা

এককালে সারাবছর অপেক্ষা করতাম পূজার জন্য। আনন্দের মধ্য দিয়ে উত্সব উদ্্যাপন করতাম। এখন আমাদের সন্তানরা আনন্দ করে। আমরা ভাই-বোনেরা চেষ্টা করি পূজার এই সময়ে বাড়িতে বাবা-মা’র সঙ্গে সময় কাটাতে। আমি ঢাকায় আসার পর থেকেই প্রতিবছর এ সময় বাড়ি চলে যাই। পূজার কয়েকদিন বাড়িতে কাটাই। বাবা-মা’র সঙ্গে সময় কাটানোই আমার কাছে বড় উত্সব। 

সিঁথি সাহা

সংগীতশিল্পী

পূজা উপলক্ষ্যে এবার তুলনামূলকভাবে কাজের ব্যস্ততা বেশি ছিল। বেশকিছু হাউজের ফটোশুট করেছি। টেলিভিশনের প্রোগ্রাম করছি। এবার আমার একটি একক গান আসছে রঙ্গন মিউজিকের ব্যানারে। মিউজিক ভিডিওটির কাজ চমত্কারভাবে সম্পন্ন হয়েছে। পূজার সময় সাধারণত আমি কোনো কাজ রাখি না। অন্যবারের মতো এবারও দেশের বাড়ি সিরাজগঞ্জে পূজা করব। পারিবারিকভাবে ওখানে বড় আয়োজনে পূজা হয়।

মৌটুসী বিশ্বাস

অভিনেত্রী

সাধারণত পূজা ঢাকায় কিংবা খুলনায় উদ্যাপন করা হয়। এবার শাশুড়ি অসুস্থ থাকায় দৌড়ঝাঁপ করতে হয়েছে ব্যাপক। নিজের বাসা ও শ্বশুরবাড়ির খেয়াল রাখতে হয়েছে। খুলনায় বাবা আছেন। তাকে অনেকদিন দেখি না। তবে খুলনায় যাওয়া হবে না। সার্বিক পরিস্থিতিতে এবার বসুন্ধরা আবাসিক এলাকায় পূজা কাটবে। এখানে বড় পরিসরে পূজার আয়োজন করা হয়। বসুন্ধরার মতো বনানীর আয়োজকরাও এ বিষয়ে তত্পর। এ দুই এলাকার পূজা দেখেই এবারের শারদ উত্সব কাটবে।

পূজা চেরী

অভিনেত্রী

আগে খুলনার গাজীরহাটে নিজেদের বাড়িতে পূজা উদযাপন করা হতো। ওখানে বড় আয়োজনে পূজার আয়োজন করা হয়। গত কয়েকবছর ধরে তা আর সম্ভব হচ্ছে না। ঢাকাতেই পূজা করা হচ্ছে এ সময়টায়। এবার শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে। তবে পূজা উপলক্ষ্যে ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। দুদিন থেকে আবার শুটিংয়ে ফিরতে হবে। ছোটবেলায় বিভিন্ন পোশাক পরার একটা আনন্দ ছিল। এখন সেটি কমে যাচ্ছে। শুটিং থাকায় এবার সেদিকেই মনোযোগ থাকছে।