পূজায় জয়-সিঁথির ‘মায়ের আগমনী’

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:২২

 আনন্দ বিনোদন প্রতিবেদক

 

দুর্গা পূজা উপলক্ষ্যে বড় বাজেটে নির্মিত হয়েছে গানচিত্র ‘মায়ের আগমনী’। এর গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী জয় ও অবন্তী দেব সিঁথি। গানটিতে তাদের সঙ্গে কোরাস কণ্ঠ দিয়েছেন সুপ্রকাশ, শান্তা সাহা, দীপ্তি সরকার ও এনামুল। গত ৪ অক্টোবর সাউন্ড বিডি’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানের কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার সুরকার মিল্টন খন্দকার। গানটি মিউজিক কম্পোজিশন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী অপু আমান। বড় বাজেটে গানটির একটি ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিও ডিরেকশনে ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দিরে এই গানের ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু এবং অলংকার একঝাঁক নৃত্যশিল্পী।

গানটি প্রসঙ্গে জয় বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মিল্টন খন্দকার ভাইয়ের কাছে সুন্দর কথার একটি গান আমাকে দেওয়ার জন্য। অপু আমানের কাছেও কৃতজ্ঞ। অপু মিউজিক কম্পোজিশন করার পর গানটা এত ভালো লাগলো যে, সিদ্ধান্ত নিলাম বড় আয়োজনে মিউজিক ভিডিও করব। ইমন ভাই যথেষ্ট আন্তরিকতা নিয়ে ভিডিওটি তৈরি করেছেন। আমার মনে হয় না এর আগে বাংলাদেশে পূজার জন্য এত ব্যয়বহুল গানের মিউজিক ভিডিও কেউ বানিয়েছে। আশা করছি এবার পূজায় সারা দেশের মন্ডপগুলোতে গানটি বাজবে।’ অবন্তী সিঁথি বলেন, ‘গানটি অনেক ভালো হয়েছে, গানটি যেহেতু পূজা উপলক্ষ্যে তাই আমরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। পূজা উপলক্ষ্যে কাজটি করতে পেরে ভালো লেগেছে। এখন দর্শক-শ্রোতার যদি ভালো লাগে তাহলেই আমাদের চেষ্টা স্বার্থক হবে।’