রয়টার্স
আফ্রিকার দেশ তিউনিসিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিন সৈনিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গেইবস শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, একটি সামরিক মহড়া চলার সময় রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মুখপাত্র বলেন, ‘হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানতে সামরিক বাহিনীর একটি কারিগরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ তিনি আরো বলেন, বিধ্বস্তের কারণ জানার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং তা জনসমক্ষে প্রকাশ করা হবে।
