৩০টি মৌলিক কম্পোজিশন নির্মাণ করছে শিল্পকলা একাডেমি

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:৩৪

 বিনোদন রিপোর্ট

 

নৃত্য উপযোগী শাস্ত্রীয়, সমসাময়িক ও ফোক ধারার ৩০টি মৌলিক মিউজিক কম্পোজিশন নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্প্রতি সংগীত পরিচালকদের সঙ্গে এ নিয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় চুক্তির আওতায় ৩০টি নৃত্য উপযোগী মিউজিক কম্পোজিশন তৈরির জন্য ৩০ জন সংগীত পরিচালককে ৪৫ লক্ষ টাকা প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উল্লেখ্য, গত ৪ অক্টোবর একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলুর সভাপতিত্বে সংগীত পরিচালকদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মিউজিক কম্পোজিশন নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং চুক্তিপত্র স্বাক্ষর হয়। এ বিষয়ে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘নৃত্য উপযোগী মৌলিক মিউজিক কম্পোজিশন (ইন্সট্রুমেন্টাল) নিয়ে বাংলাদেশে এর আগে কেউ উদ্যোগ গ্রহণ করেনি। কাজটি নৃত্য চর্চার ক্ষেত্রে আমাদের জন্য একটি বড় অর্জন হয়ে থাকবে বলে আশা করছি।’ সভায় দেশের বিশিষ্ট ও বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান, মানাম আহমেদ, ইবরার টিপু, মকসুদ জামিল মিন্টু, ইবনে রাজন, শেখ জসীম, সানি জোবায়ের, বিনোদ রায়, তানভীর আলম সজীব, আনিসুর রহমান তনু, ওমর আল ফারুক এজাজ, কমল খালিদ, বিপ্লব বড়ুয়া, রিপন খান, কাজী আনানসহ অনেকেই উপস্থিত ছিলেন।