মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতা মিম হত্যা মামলায় গ্রেফতার ২

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:৩৮

মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মিম হত্যা মামলার প্রধান আসামি মো. সংগ্রাম মোল্লা (২৪) ও মো. নিঝুম (২২) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) ভোরে রাজশাহী জেলার রোয়ালীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ উল্লেখিত স্থানে মঙ্গলবার রাতভর অভিযান চালায়। বুধবার ভোরে  মামলার আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গজারিয়ার ইসমানিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুলের সামনে গত ১৫ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে সাজিদুল ইসলাম মীমকে (২২) গুরুতর জখম করে। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর মীমের মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের পিতা আ. ছাত্তার বাদী মো. সংগ্রাম মোল্লাকে প্রধান আসামী করে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মো. সংগ্রাম মোল্লা হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক। আর মিম একই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ইত্তেফাক/ইআ