ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩১টির বা ৬১ দশমিক ৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার আমান ফিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৫০ টাকা বা ৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমান ফিড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৮ দশমিক ১৩ শতাংশ, জুট স্পিনার্স ৮ দশমিক ০৭ শতাংশ, সুহূদের ৭ দশমিক ৯৬ শতাংশ, মুন্নু সিরামিকের ৭ দশমিক ৮৫ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৭ দশমিক ৪১ শতাংশ, শ্যামপুর সুগারের ৭ দশমিক ২২ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৬ দশমিক ৮৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৬ দশমিক ৭১ শতাংশ এবং এমবি ফার্মার শেয়ারদর ৬ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
