কুমার নদে বিলীন সেই পাকা সড়ক

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:২৮

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

বিলীনের হুমকিতে থাকা রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়ক অবশেষে ধসেই পড়ল কুমার নদে। মঙ্গলবার সকালে গোয়ালবাথান এলাকায় ৩০০ মিটার পাকা সড়ক কুমার নদে বিলীন হয়ে যায়। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন হরিদাসদী-মহেন্দ্রদী, হোসেনপুর, কবিরাজপুর, নিলখী ও ইশিবপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ। সোমবার সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত সড়কটির এ অংশ বিলীন হয়ে গেল।

এলাকাবাসী জানায়, কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় এ বছরে ৫ সেপ্টেম্বর রবিবার রাতে পাকা সড়কটির অর্ধেক ভেঙে কুমার নদে বিলীন হয়ে গিয়েছিল। তবে এর পরেও ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে কোনো রকমে আসা-যাওয়া করতে পারত। পরে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সেখানে ২০ হাজার ২৫৫টি জিও ব্যাগ ফেলে সড়কটি রক্ষার চেষ্টা করা হয়। কিন্তু কুমার নদের পানি কমতে শুরু করায় এসব জিও ব্যাগ ধসে যায়। ফলে আবার ভাঙন শুরু হয়। গত সোমবার সকালে সড়কটির বাকি অংশ কুমার নদে বিলীন হতে শুরু করে। মঙ্গলবার সকালে পুরোটাই ভেঙে যায়।  আবদুল গনি মিয়া, নারায়ণ হালদার, ফেরদাউসসহ অনেকেই জানান, কুমার নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই এটা রোধ না করা হলে বিদ্যানন্দী মাঠের সব ফসলি জমি নদের পানিতে ডুবে যাবে। ভাঙন শুরু থেকে যদি আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অন্তত সড়কটি রক্ষা করা যেত।

এ ব্যাপারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ‘উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার আগেই কুমার নদ সব গ্রাস করে নিল। এখন আমাদের এলাকার মানুষের বেশি অর্থ ব্যয় করে অনেকটা পথ ঘুরে জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হবে।’

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ‘সেপ্টেম্বর মাসে নদের ভাঙনে সড়কটির অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল। আমরা তাত্ক্ষণিকভাবে ২০ হাজার ২২৫টি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করেছিলাম। কিন্তু পানির তোড়ে তা টেকেনি। শুকনো মৌসুম আসলে এলজিইডি সড়কের এ অংশটি মেরামত করে দিলে ঐ স্থানে ব্লক ফেলে ও বাঁধ দিয়ে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।