সাদুল্লাপুরে বালু উত্তোলন চলছে

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:২৯

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরের ঘাঘট নদের একাধিক স্থানে দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে কথিত বালুদস্যুরা। সোমবার সরেজমিনে উপজেলার জামালপুর ও দামোদরপুর ইউনিয়নের সীমান্তবর্তী নলডাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় ঘাঘট নদে দেখা গেছে এই বালু উত্তোলনের চিত্র। এখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় কয়েকজন বালুদস্যু। এছাড়া উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা বাঁধের মাথার নীলকান্দের ছড়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন ফুল মিয়া ও জুয়েল মিয়া। পাশাপাশি ড্রেজার মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের লোকজন। এছাড়া গ্রামীণ সড়ক ও নদীর বাঁধ দিয়ে বালু বহনের জন্য ড্রাম ট্রাক, শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলি ও ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে রাস্তা ও বাঁধ নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় ফুল মিয়া বালু উত্তোলনের কথা স্বীকার করে জানান, এ বালু আমার না। প্রভাবশালী কয়েকজন ব্যক্তি আমার কাছে হাজার হিসাবে চুক্তি করে এসব বালু উত্তোলন করে নিচ্ছেন। তারা এই বালু দিয়ে কি করবেন। তা আমার জানা নেই। বালু উত্তোলনের সত্যতা স্বীকার করে দামোদরপুর ইউপি চেয়ারম্যান এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন জানান, ঐসব স্থানে বালু উত্তোলন বন্ধে থানা পুলিশকে জানানো হয়েছে। জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।