নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীর সেনপাড়া গ্রামের পাগলীরকুড়ায় গিরাই নদীর ওপর নির্মিত কাঠের সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে। আর এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী জানান, ২০২০-২১ অর্থবছরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সেনপাড়া-বোয়ালেরডারা সড়কে পাগলীরকুড়ায় গিরাই নদীর ওপর এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কাঠের সাঁকোটি নির্মাণ করা হয়। স্থানীয় নির্মল সেন, রাসেল মিয়াসহ অনেকেই জানান, দুর্ঘটনা ঘটনার আগেই সাঁকোটি সংস্কার জরুরি। ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এলাকাবাসীকে সাঁকোটি সংস্কার করতে বলা হয়েছে। এজন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।
