খুলনা অফিস
খুলনায় স্ত্রী হত্যার দায়ে পুলিশের সাবেক এপিবিএন কনস্টেবল মো. মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুুধবার খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের জাবেদ আলী সরদারের ছেলে। তিনি খুলনার শিরোমনির তৃতীয় এপিবিএনের নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২ ডিসেম্বর পুলিশের সাবেক এপিবিএন কনস্টেবল মাহমুদ আলমের সঙ্গে জোয়ানা আক্তার ঊষার বিয়ে হয়। ২০১৯ সালের ৬ এপ্রিল খুলনা মহানগরীর যোগীপোল ইউনিয়নের বাসিন্দা মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে স্ত্রী জোহানা আক্তার ঊষাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মাহমুদ আলম। এ ঘটনায় নিহতের ভাই জি এম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যামামলা দায়ের করেন।
