দাকোপে প্রতিমা সাজসজ্জার কাজে ব্যস্ত ভাস্কররা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৩০

দাকোপ (খুলনা) সংবাদদাতা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব শারদীয়া দুর্গাপূজার আর মাত্র চার দিন বাকি। সারা দেশের মতো খুলনার দাকোপে এ বছর ৮১টি পূজামণ্ডপে শারদীয়া দুর্গাপূজা উদ্যাপনে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা। চুনকুড়ি এলাকার কমলেশ মোড়ল ও পোদ্দারগঞ্জ এলাকার ভাস্কর দিপংকর মণ্ডল জানান, প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ। এখন চলছে রং-তুলি দিয়ে সাজসজ্জা। এবার তাদের চার জনের টিম মিলে বিভিন্ন এলাকায় ১০টি মণ্ডপে প্রতিমা তৈরি করেছেন। এতে তারা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন এবং বিভিন্ন মালামালে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হবে।

এ ব্যাপারে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা বলেন, এ বছর মোট ৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি চলছে। এর মধ্যে তিনটি পূজা ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।  

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, উপজেলার পূজা মণ্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যাটালিয়ন, আনসার, সাধারণ আনসারসহ মোবাইল টিমের পাঁচ শতাধিকেরও বেশি সদস্য মোতায়েন থাকবে।