পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং শাস্তি দেবো, যাতে করে এ ধরনের ঘটনা আর না ঘটে। বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, একজন লোক খুন হোক- এটা আমরা চাই না। একজন খুন হয়েছেন এবং আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি। তিনজন ধরা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে মহিবুল্লাহর রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন। কোনও কোনও লোক হয়তো সেটি পছন্দ করেনি।
মন্ত্রী জানান, ক্যাম্পে যে সব রোহিঙ্গা আছেন, তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তা দিচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে, এখানে অস্ত্র আসছে এবং এ বিষয়ে আমরা শক্ত অবস্থান নিয়েছি। প্রয়োজনে যা যা দরকার, সবকিছুই আমরা করবো। ভাসান চরে জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, চুক্তি চূড়ান্ত হয়ে আছে এবং যে কোনও মুহূর্তে তারা সেখানে যাবে।
ইত্তেফাক/এসআই
