নীতা আম্বানির এক বোতল পানির দাম ৫২ লাখ টাকা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:১৪

বিরাট কোহলি যে পানি খান সেই পানির দাম কত? ক্রীড়াপ্রেমীরা তো বটেই, তার ভক্তরাও তা হয়তো জানেন। কিন্তু রিলায়্যান্স মালিক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানি খান, তার দাম শুনলে হতবাকই হবেন। দাবি করা হয়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি খান। ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ লাখ টাকা। তাহলে এবার হিসেব করে নিন, নীতার এক ঢোক পানির দাম কত!

দাম তো না হয় জানলেন। কিন্তু পানি এত দাম কেন? এবার সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলবন্দি ঐ পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানি স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সেজন্যই এই পানির দাম লাখ লাখ টাকা। আরো কারণ আছে। কেবল পানি নয়, বোতলের জন্যও এই পানির দাম এত বেশি। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা। —আনন্দবাজার পত্রিকা