ছেলেকে মুক্ত করেই সিনেমায় ফিরবেন শাহরুখ খান

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:১৪

মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুত্র আরিয়ান আটকের পর থেকে দুশ্চিন্তায় রয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এ ঘটনায় প্রায় নির্বাক হয়ে গেছেন তিনি। এখন পর্যন্ত মুখ খুলেননি। চেষ্টা করে যাচ্ছেন পুত্রকে মুক্ত করতে। নিয়োগ দিয়েছেন ভারতের সেরা আইনজীবী। এ কারণে আপাতত কোনো চলচ্চিত্রের কাজ করছেন না তিনি। ছেলেকে কীভাবে ছাড়িয়ে আনা যায় তারই চেষ্টা করে যাচ্ছেন কিং খান।

তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৭ সালের ‘জিরো’ ছবিতে। তারপর ২০২২ সালের ১৫ আগস্ট ফের অনুরাগীদের সামনে নতুন চরিত্র নিয়ে আসবেন তিনি, এমনই কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল পুত্র আরিয়ান গ্রেফতার হওয়ার পর।

গত রবিবার বিকালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরিয়ানকে নিজেদের হেফাজতে নিয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত এনসিবির হেফাজতে থাকতে হবে আরিয়ানকে। চলছে জিজ্ঞাসাবাদ। এরপর তাকে কোর্টে তোলা হবে। তবে জামিন মিলবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফলে শাহরুখের দুটি ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ছেলেকে মুক্ত না করে আপাতত কাজে ফিরছেন না তিনি, এটাই জানা গেছে।

এদিকে তারকাপুত্র বলে এনসিবির কাছে কোনো ছাড় পাননি আরিয়ান। এনসিবির হেফাজতে অন্যান্য অভিযুক্তদের মতোই তাকে রাখা হয়েছে। কোনো ক্ষেত্রেই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন না তিনি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এনসিবির মেসে তৈরি খাবারই খাচ্ছেন আরিয়ান। বাড়ি থেকে খাবার আনার অনুমতি এখনো মেলেনি। আরিয়ান বিজ্ঞানের বই চেয়েছিলেন। কয়েকটি বই তাকে দেওয়া হয়েছে।