উত্তর প্রদেশে গাড়িচাপায় কৃষক হত্যা

পদত্যাগ করবেন না প্রতিমন্ত্রী অজয় মিশ্র, ঘটনাস্থলে যাচ্ছেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:১৪

উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গাড়িচাপায় চার কৃষক নিহতের ঘটনায় এখনো উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিরোধীদের দাবি, এ ঘটনায় জড়িত থাকায় নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগ করতে হবে। একই সঙ্গে অজয় ও তার ছেলে আশিষকে দ্রুত গ্রেফতার করতে হবে। এই পরিস্থিতির মধ্যেই গতকাল বুধবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন প্রতিমন্ত্রী অজয় মিশ্র। কেন্দ্রীয় সরকারের সূত্র বলেছে, অজয় মিশ্রর পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। তিনি ইতিমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এদিকে গতকাল বুধবার লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি পেয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও উত্তর প্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। গতকালই তাদের ঘটনাস্থলে পৌঁছানোর কথা ছিল। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। 

গত রবিবার লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে সমবেত হয়েছিলেন কৃষকরা। সেখানেই একটি গাড়ির বহর কৃষকদের চাপা দেয়। কৃষকদের দাবি, অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্র তিনটি গাড়ির একটি চালাচ্ছিলেন। এ ঘটনার পর সহিংসতা শুরু হয়। সেখানে আরো চার জন নিহত হন। নিহতদের মধ্যে এক জন সাংবাদিক ও তিন জন বিজেপি কর্মী। এ ঘটনায় আশিষ মিশ্রর বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিমন্ত্রী অজয় মিশ্র স্বীকার করেছেন কৃষকদের চাপা দেওয়া গাড়িটি তার ছিল। কিন্তু তিনি কিংবা তার ছেলে সেখানে ছিলেন না।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার দিল্লির নর্থ ব্লকে অজয় মিশ্রকে ডেকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তার পদত্যাগের সম্ভাবনা আপাতত নেই।

অন্য দিকে গতকাল দুপুরে রাহুল গান্ধীকে লখিমপুরে যাওয়ার অনুমতি দেয় উত্তর প্রদেশ সরকার। একই সঙ্গে  ৫৯ ঘণ্টা আটক করে রাখার পরে মুক্তি দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। উত্তর প্রদেশের যোগী সরকার জানিয়েছে, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীসহ মোট পাঁচ জন লখিমপুরে যেতে পারবেন। রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ চন্নী, কে সি ভেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা এবং দিপেন্দর হুডা লখিমপুরে যাচ্ছেন বলে কংগ্রেস সূত্র জানিয়েছে। এর আগে লখনৌ বিমানবন্দরে নামার পর পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় রাহুল গান্ধীর। তিনি পুলিশের নির্ধারিত রুটে ঘটনাস্থলে যেতে আপত্তি জানান। তিনি নিজের গাড়িতে করেই যেতে চান। এরপর সীতাপুর থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানান।

গতকাল সন্ধ্যায় লখিমপুর খেরিতে পৌঁছায় আম আদমি পার্টির প্রতিনিধিদল।