দেশের ১২ উপজেলা পরিষদ, চার সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলর ও পাঁচ পৌরসভার এক মেয়র ও চার কাউন্সিলর এবং ছয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আজ বৃহস্পতিবার। গত ২ সেপ্টেম্বর এসব নির্বাচনের আলাদা আলাদা তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটগ্রহণে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনি মাঠে রয়েছেন। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
এদিকে পাঁচ পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি চার পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করবে ইসি। ইতিমধ্যে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছে ইসি। আর চার সিটির পাঁচ সাধারণ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হবে। এছাড়া ছয় ইউপির বিভিন্ন ওয়ার্ডে সমভোটপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও আজ ভোট হবে। তবে এই ভোট অনুষ্ঠিত হবে ইভিএমে।
