মমতা ব্যানার্জিকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:২৪

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধায়ক হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নেবেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাজ্য সরকারের প্রস্তাব মেনে নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর বিধানসভা ভবনেই মমতা ব্যানার্জি ও নবনির্বাচিত অন্য দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন। রাজ্যপালকে তার এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন মমতা ব্যানার্জি। তবে বিধায়কদের শপথের ধারা ভেঙে রাজ্যপালের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

নবনির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে এবার উপনির্বাচনের পর থেকেই কিছুটা টানাপড়েন তৈরি হয়। বরাবরের মতো এই সদ্য সমাপ্ত নির্বাচনে মমতাসহ জয়ী অন্য বিধায়কদের শপথ অনুষ্ঠানের জন্য তৈরি ছিল বিধানসভা। কিন্তু হঠাত্ রাজ্যপাল একটি চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে জানান তিনি শপথ পাঠ করাবেন। এই দায়িত্ব তার বা তার অনুমোদিত ব্যক্তির। এত দিন রাজ্যপালের অনুমোদনে বিধায়কদের শপথবাক্য পাঠ করাতেন স্পিকার। রাজ্যপাল সেই অনুমোদন ফিরিয়ে নেওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে বরাবরের মতো স্পিকারের কাছে বিধায়কদের শপথের অনুমোদন চেয়ে রাজ্যপালকে অনুরোধ করা হয়। সে অনুরোধ না রাখলেও রাজ্যের ইচ্ছা অনুযায়ী শপথের অনুষ্ঠান বিধানসভায় করতে সম্মত হয়েছেন তিনি।

রাজ্যপালের এই সিদ্ধান্তে অবশ্য প্রকাশ্যেই নিজের অসন্তোষের কথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারা দেশের কোথাও কখনো এ রকম ঘটনা ঘটে না। তবে রাজ্যপাল যখন চাইছেন তাই হবে। পরে বিষয়টি পর্যালোচনা করব। পারস্পরিক আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছে শপথ অনুষ্ঠান হবে বেলা ২টায়। মুখ্যমন্ত্রী ছাড়াও এবার বিধায়ক হিসেবে শপথ নেবেন জঙ্গিপুরের জাকির হোসেন ও শমসেরগঞ্জের আমিরুল ইসলাম।