টানা আট বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক থাকা হানিফ ভূঁইয়া ও শওকত আজিজ রাসেল এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। দুজনই গতকাল বিসিবি নির্বাচনে ভোট দিতে এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সকালে ভোট দেওয়ার পর হানিফ ভূঁইয়া জানালেন, আমার সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন করছেন। উনাকে ভোট দিতেই এসেছি। আশা করি এবারও উনার নেতৃত্বে এগিয়ে যাবে বিসিবি, বাংলাদেশের ক্রিকেট। শওকত আজিজ রাসেলও আবার বিসিবি সভাপতি পদে দেখছেন পাপনকে। তিনি বলেছেন, সভাপতি পদে পাপন ভাই যোগ্য ব্যক্তি। উনাকে ভোট দিলাম।
গতকাল বিসিবি নির্বাচনে পাশ করা ২৩ পরিচালকও একই মন্ত্রে দীক্ষিত। আগামী চার বছরের জন্য পাপনের নেতৃত্বকেই সমর্থন করছেন সবাই। নির্বাচিত হওয়া ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘বোর্ডে যারা এসেছেন সবাই ভালো। সভাপতি পদে পাপনই সবার পছন্দ, আর কেউ নেই।’ বিসিবির মসনদে তাই পাপনের আসন পাকাই বলা যায়। টানা তৃতীয়বার তার বিসিবি সভাপতি হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। গতকাল নির্বাচনে পাপনের সমমনা প্রার্থীরাই পাশ করেছেন। প্যানেল না থাকায় ভোটের লড়াই হয়েছে বটে। তবে নির্বাচিত কেউই তার পছন্দের তালিকার বাইরে নয়।
রিটার্নিং অফিসার আলী রেজা গতকাল বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে পরিচালক হয়েছেন পাপন। প্রধান নির্বাচন কমিশনার এম ফরহাদ হুসেইন গতকাল বলেছেন, ‘নির্বাচিত পরিচালকরা মিটিং করে সভাপতি নির্বাচন করবেন।’ ২০১২ সালে সরকার মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন। পরে ২০১৩ ও ২০১৭ সালে দুই দফা নির্বাচিত সভাপতি হন তিনি। তৃতীয়বার বিসিবির নির্বাচিত সভাপতি পদে আজই আসীন হবেন পাপন। সর্বশেষ মেয়াদে থাকা পরিচালকদের ১৭ জনই গতকাল আবারও নির্বাচিত হয়েছেন। নতুন পরিচালক হয়েছেন ৬ জন। তারা হলেন- তানভীর আহমেদ টিটু, ফাহিম সিনহা, ওবেদ রশীদ নিযাম, ইফতেখার রহমান মিঠু, মঞ্জুর আলম মঞ্জু, সালাউদ্দিন চৌধুরী। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে পরিচালক হতে যাচ্ছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম।
নির্বাচিত হওয়া সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বোর্ড সভাপতি। পাপন বলেছেন, ‘আগে যে বোর্ড ছিল সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয় নাই। এবারও যারা আসবে তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কারণ নেই।’
সাবেক ক্রিকেটারদের মধ্যে নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন জিতলেও গতকাল ভোটের লড়াইয়ে হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট।
