রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার আরো তিন রোহিঙ্গা যুবককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার টেকনাফ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন। কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গতকাল রিমান্ড আদেশ পাওয়া আসামিরা হলেন—উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালাম, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জিয়াউর রহমান ও মো. ইলিয়াছ। এর আগে গত রবিবার অন্য দুই আসামি মো. সলিম ও শওকত উল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
গত শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. সলিমকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান ও মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে শওকত উল্লাহকে উখিয়া থানা পুলিশ গ্রেফতার করে। ১৪-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, ‘মুহিবুল্লাহ হত্যায় সরাসরি জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছেন তারা। পুরো ক্যাম্পকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হচ্ছে। প্রতি রাতেই পুলিশ ও এপিবিএন টিম ক্যাম্পে ব্লক রেইড দিচ্ছে।
