মিরপুরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মর্টার শেল

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:৩৩

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকার সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় উদ্ধার হওয়া মর্টারশেলটি সক্রিয় ছিল এবং এটি বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি হতো বলে জানিয়েছে র্যাব।

মর্টারশেলটি উদ্ধারের পর পুলিশের এ এলিট ফোর্স জানিয়েছে, মর্টারশেলটি ছিল দীর্ঘদিনের পুরোনো। এর আয়তন ছিল ৬০ মিলিমিটার। বোমাটি উদ্ধারের পর বেড়িবাঁধ সংলগ্ন গোড়ান চটবাড়ি এলাকায় নিয়ে বিস্ফোরণ ঘটায় র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় আধা কিলোমিটার পর্যন্ত আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়। গতকাল ঘটনাস্থলে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের উপ-পরিচালক মেজর মো. মশিউর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডে একটি বাসার খননকাজ করার সময় মর্টারশেল পাওয়া যায়। প্রথমে র্যাব-৪ খবর পেয়ে র্যাব সদর দপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে জানায়। তিনি আরো বলেন, খনন করা মাটিতে বোম ডিসপোজালের আধুনিক যন্ত্রপাতি দিয়ে তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে আর কোনো বোমের সন্ধান মেলেনি।

মো. মশিউর রহমান বলেন, বোমাটির দুটি উত্স হতে পারে। হতে পারে এটি মুক্তিযুদ্ধের সময়কার অথবা পরে কেউ এটি মাটির নিচে পুঁতেও রাখতে পারে। বোমাটি কোথায় তৈরি তা নিশ্চিত হওয়া যায়নি।