হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এ নির্দেশ দেন। পুলিশের সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ এই ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কোনো ধরনের গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক থাকতেও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। আইজিপি বলেন, স্থানীয়ভাবে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পূজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজার আইনশৃঙ্খলা মনিটরিংয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য ইউনিটে মনিটরিং সেল কাজ করবে।
সভায় অংশগ্রহণকারী পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং আইজিপিকে ধন্যবাদ জানান।
এ বছর দেশে ৩১ হাজার ১৩৭টি পূজামণ্ডপে আগামী ১১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। ১৫ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।
