রাজশাহী রেল স্টেশন

টিকিট কিনলেও নেয়নি ট্রেন, বিক্ষোভ কয়েক শ শিক্ষার্থীর

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০০:৪০

রাজশাহী রেলওয়ে স্টেশনে অতিরিক্ত টিকিট কাটা যাত্রীরা ট্রেনে উঠতে না পেরে বিক্ষোভ করেছে। এ সময় তারা রেলওয়ে স্টেশনে ভাঙচুরের চেষ্টা চালায়। এক পর্যায়ে টিসি অফিস ঘেরাও করে। ইন্টারনেট ও রেলওয়ে স্টেশনের বুথ থেকে প্রায় দেড় হাজার যাত্রী টিকিট কাটেন। কিন্তু টিকিট নিয়েও প্রায় অর্ধেক যাত্রীই ট্রেনে উঠতে পারেননি। যাত্রীদের অধিকাংশই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকায় ফিরতে টিকিট কিনেছিলেন।

গতকাল বুধবার বিকাল ৪টায় পদ্মা আন্তঃনগর ট্রেনটি রাজশাহী স্টেশন ছেড়ে যাওয়ার পর টিকিট কেটেও যেতে না পারা শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা স্টেশন ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও পশ্চিম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, শিক্ষার্থীরা পদ্মা ট্রেনের টিকিটেই পরবর্তী ট্রেনে ঢাকায় যেতে পারবে। তাদের জন্য খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ১০৬টি আসনের একটি অতিরিক্ত কোচ লাগানো হয়েছে। তারা সন্ধ্যার পর রাজশাহী থেকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী গিয়ে সুন্দরবন এক্সপ্রেসে ঢাকায় যেতে পারবেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ট্রেনের নির্ধারিত আসনের চাইতে টিকিট কাটা যাত্রীদের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। ফলে ট্রেনে তিল ধারণের জায়গা ছিল না। ফলে টিকিট কেটেও অনেক যাত্রী উঠতে পারেননি।