রাজধানীর কাওরান বাজার এলাকায় অবস্থিত ঢাকা ওয়াসা ভবন। ১৪তলা সুরম্য এই ভবনে এখন সাপের আনাগোনা। ব্যস্ত এই অফিসে কীভাবে সাপ এলো তা নিয়ে অনেকেই বিস্ময়ে হতবাক। ওয়াসা ভবনের ভেতরে সাপ এদিক-ওদিক ছোটাছুটি করছে এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
তবে অনেকের ধারণা, ওয়াসার বঞ্চিত কর্মীরা এ কাজ করে থাকতে পারেন। বাইরে থেকে সাপ ধরে এনে ওয়াসা ভবনে ছেড়ে দিয়েছেন কেউ কেউ।
ওয়াসা ভবনের কর্মচারীরা জানিয়েছেন, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করে মারা হয়েছে। অফিসের ভেতরে সাপ পাওয়ায় ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন থেকে ওয়াসার বঞ্চিত কর্মচারীরা এটা করে থাকতে পারেন। তারাই কর্মকর্তাদের ‘ভয়’ দেখাতে রুমের ভেতরে সাপ ছেড়ে দিয়েছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, ওয়াসা ভবনে সাপ পাওয়ার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
