পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধানের পদে পরিবর্তন আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের স্থলে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল দেশটির সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর ডনের
লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদকে পেশোয়ারের করপস কমান্ডার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর আরও কিছু পদে রদবদল করা হয়েছে। আফগানিস্তানে গত ১৫ আগষ্ট তালেবান ক্ষমতায় আসার পর সরকার গঠন নিয়ে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই কাবুলে আকস্মিক সফরে যান আইএসআই প্রধান ফায়েজ হামিদ। ওই সফরের কয়েক দিনের মধ্যে তুলনামূলক রক্ষণশীল নেতাদের নিয়ে অন্তর্বতীকালীন সরকার ঘোষণা দেয় তালেবান। সাধারণত সেনাপ্রধানের পরামর্শ মেনে প্রধানমন্ত্রী আইএসআই প্রধানের পদে নিয়োগ দেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফায়েজ হামিদকে ২০১৯ সালের ১৬ জুন আইএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। আর আইএসআই প্রধানের দায়িত্বে আসা লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম এর আগে করাচি করপসের কমান্ডার ছিলেন।
