জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

 

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেলক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন’ প্রকল্পে গেটকিপার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন ১০৩৮ জন। এর অংশ হিসেবে পূর্বাঞ্চলের জন্য চুক্তি ভিত্তিতে প্রকল্প মেয়াদের জন্য ২২১ জন গেটকিপার নিয়োগ দেবে রেলওয়ে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি. পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান

যোগ্যতা ও আবেদন

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত পদে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। এই পদে যারা আবেদন করবেন তাদের বাড়তি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগামী ২০ ফেব্রুয়ারি আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা কোটা, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।  আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ে এর নির্ধারিত ওয়েবসাইটে। আবেদনপত্রটি জমা দিতে হবে ‘চিফ পার্সোনেল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে।

পরীক্ষা পদ্ধতি

সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্যদের ঠিকানায় মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে। ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। পাস নম্বর ৫০ শতাংশ। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদ, কোটাসংশ্লিষ্ট প্রযোজ্য সব সনদের মূলকপি সঙ্গে রাখতে হবে। নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে।

পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ রেলওয়ের কয়েকজন সিনিয়র গেটকিপারদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌখিক পরীক্ষায় প্রার্থীর নিজের সম্পর্কে ও এলাকা সম্পর্কে সাধারণত প্রশ্ন করা হয়। এর পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কেও প্রশ্ন করা হয়ে থাকে। দেখা হয় শারীরিক যোগ্যতা।দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাওয়া হতে পারে। দেখা হতে পারে সচেতনতা, সতর্কতা, নিয়মানুবর্তিতা। মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য বেসিক নলেজ থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের পাঠ্য বই এবং সাম্প্রতিক বিষয়ে আপডেট থাকতে হবে। নিজেকে গুছিয়ে উপস্থাপন করতে পারলে চাকরি মিলতে পারে।

বেতনসীমা

এ প্রকল্পে গেটকিপার পদে নিয়োগপ্রাপ্তরা ২০১৫ জাতীয় বেতন স্কেলের গ্রেড-২০ অনুসারে পূর্বাঞ্চল রেলওয়ের আওতাধীন ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য ১৫ হাজার ৫শ’ ৫০ টাকা মাসিক বেতন দেওয়া হবে। চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য ১৪ হাজার ৯শ’ ৫০ টাকা এবং অন্যান্য স্থানের জন্য ১৪ হাজার ৪শ’ ৫০ টাকা হারে মাসিক বেতন পাবেন।