তৃতীয়বারের মতো ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করেছিল বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্ট (ওপিডি)। গত ৭ ফেব্রুয়ারি বিওয়াইএলসি ক্যারিয়ার ফেয়ারটি আয়োজিত হয়। আয়োজনটিতে সার্বিকভাবে সহায়তা করেছে আগা খান ফাউন্ডেশন ও রিজওয়ান আদাতিয়া ফাউন্ডেশন। এবারের ক্যারিয়ার ফেয়ারে মেধাবী তরুণদের খুঁজছে এমন বেসরকারি ও অলাভজনক খাতের ২২টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং তিনশ জন বিওয়াইএলসি গ্র্যাজুয়েট অংশ নেয়। উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিওয়াইএলসি শুধু দেশের তরুণদের মাঝে বিশ্লেষণধর্মী চিন্তা ও নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার কাজটিই করছে না, বরং চাকরিপ্রত্যাশী তরুণ ও চাকরিদাতাদের মাঝে যোগাযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক সুযোগও সৃষ্টি করছে।’ এছাড়াও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ বলেন, ‘বিওয়াইএলসির বিভিন্ন লিডারশিপ প্রোগ্রাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের উপযুক্ত কাজের সুযোগ সৃষ্টির জন্য অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্টে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কাজের সুযোগ তৈরি, অনলাইন প্রফেশনাল ম্যাচমেকিং সার্ভিসের ব্যবস্থা রয়েছে।’ দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন বেসরকারি ও অলাভজনক সংস্থার মানবসম্পদ প্রতিনিধিরা উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের সঙ্গে কথা বলেন, রেজিউমি বাছাই করেন এবং মেধাবী প্রার্থীদের অনস্পট ইন্টারভিউ নেন। এছাড়াও প্যানেল ডিসকাশনগুলোতে আলোচক হিসেবে অংশ নেন গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী, ব্র্যাকের স্ট্র্যাটেজি কমিউনিকেশন এবং এমপাওয়ারমেন্টের সিনিয়র ডিরেক্টর আসিফ সালেহ, পাই স্ট্র্যাটেজির ম্যানেজিং ডিরেক্টর পিয়াল ইসলাম, রেকিট বেনকিজার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্লাস্টার এইচআর হেড আফরিন হুদা, রেনেটা লিমিটেডের হেড অব এইচআর নিশাত আনোয়ার, বাংলালিংকের চিফ অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর মঞ্জুলা মোরশেদ ও একুমেন একাডেমি বাংলাদেশ ফাউন্ডার আয়লিন সালেহ।
