পরিষ্কার

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:৩৩

চ লন্ত গাড়ি থেকে ছোড়া গুলিতে শহরের দক্ষিণ প্রান্তের এক শিশু নিহত হলো। তার বয়স ছিল মাত্র সাত বছর। তাকে-মেরে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না। আসলে সেখানে খুনোখুনির কোনো পরিকল্পনাই ছিল না। লোকজনকে, ঐ বিশেষ বাড়ির লোকজনদের ভয় দেখানোই ছিল বন্দুকধারীর উদ্দেশ্য। এমনকি ছোট্ট লুইসের বাড়িও ওটা ছিল না। সে ওখানে গিয়েছিল এক বন্ধুর সঙ্গে দেখা করতে। তার ঐ বন্ধুর একটা পোষা ইগুয়ানা (আমেরিকার বড় আকারের গেছো গিরগিটি) ছিল। গিরগিটিটা ছিল কিছুটা রোগাটে। আর তার রংটাও সবুজ নয়, কিছুটা হলদেটে ছিল। কেউ জানে না কেন। হতে পারে, কেউ তাকে ভুলে শাক খাইয়ে দিয়েছিল। হৈচৈ শুনে বাচ্চারা বাইরে ছুটে আসে, আর তখনই ছোট্ট লুইসের বুকে গুলি লাগে। সে মারা যায়।

দাফনের খরচ জোগাতে পরিবারটি গাড়ি-ধোওয়ার কাজের ব্যবস্থা করে। এ-ধরনের কাজ এমন কিছু অভিনব নয়। এ-ব্যাপারে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হলো এবং অনেকে তাদের গাড়ি নিয়ে হাজির হলো। যদিও তাদের বেশির ভাগেরই ছিল মোমপালিশ-করা ঝকঝকে গাড়ি, যেগুলো ধোয়ানোর কোনো প্রয়োজনই ছিল না; এবং পরিবারের লোকজন তা বুঝতে পারে।

 

[জয় উইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট ঔপন্যাসিকা, ছোটগল্পকার এবং প্রবন্ধকার। ১৯৪৪ সালে ম্যাসাচুসেটস-এ তাঁর জন্ম। তিনি ছোটগল্পের জন্য ‘রিয়া অ্যাওয়ার্ড’ লাভ করেন।]