আল্লামা আবদুল বারী জেহাদী মুজাদ্দেদী (রহ)

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:৫৫

 

বাংলাদেশের ইসলামি শীর্ষ ব্যক্তিত্বের একজন ছিলেন আল্লামা আবদুল বারী জেহাদী মুজাদ্দেদী (রহ)। তিনি ছিলেন মুফাসিসরে কোরআন ও বিশিষ্ট ওয়ায়েজ। একজন দক্ষ ইসলামি বক্তা হিসেবে তার খ্যাতি ছিল দেশ জুড়ে। তার সুললিত কণ্ঠের যুক্তিপূর্ণ দিনি আলোচনা শোনার জন্য মানুষ অধীর অপেক্ষায় থাকতেন। তার ইল্ম ও ব্যক্তিত্বের প্রভাবে বহু মানুষের জীবনধারায় আমূল পরিবর্তন ঘটেছে। তিনি আধ্যাত্মিক সাধক হিসেবে অসংখ্য মানুষের অন্তর আলোকিত করে গেছেন। আল্লামা আবদুল বারী জেহাদী নকশ্বন্দী আল-মুজাদ্দেদী (রহ) ১৯৫২ সালের পহেলা জানুয়ারি লাকসাম উপজেলার ইরুয়াইন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুন্সী মো. ইয়াকুব আলী এবং মাতার নাম মোসাম্মাত্ গফুরজান বিবি। আল্লামা আবদুল বারী জেহাদী মুজাদ্দেদী মায়ের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি ঐতিহ্যবাহী গাজীমুড়া আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে কামিল পাশ করেন। এরপর তিনি ১৯৭২ সালে নওয়াব ফয়জুন্নেছা কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯৭১ সালে তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মময় জীবন শুরু করেন। বরুড়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় সুপার পদে নিয়োজিত হয়ে বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮২ সালে তিনি অত্র মাদ্রাসার অধ্যক্ষের পদ লাভ করেন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে নিজ বাড়িতে আল্লামা আবদুল বারী জেহাদী মুজাদ্দেদী এম এ বারী জেহাদিয়া মুজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সমাজসেবামূলক কাজ হিসেবে তিনি জেহাদিয়া কোরআনিয়া মক্তব, ইরুয়াইন ঈদগাহ ময়দান, বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। ১৯৯৫ সালের ২৮ অক্টোবর হজরত মুজাদ্দেদে আলফেসানি (রহ)-এর দরবার শরিফ সিরহিন্দ পূর্ব পাঞ্জাব ভারত থেকে নকশবন্দিয়ায়ে মুজাদ্দেদিয়া তরিকার খেলাফত প্রাপ্ত হয়ে মৃত্যুর দিন পর্যন্ত বাইয়াতে রসুল (স)-এর ধারায় অসংখ্য মানুষকে তরিকতের শিক্ষা দিয়ে গেছেন। তার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আল্লামা আবদুল বারী জেহাদি মুজাদ্দেদি (রহ.) কেবল দেশেই নন, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন দেশ সফরে গিয়ে মানুষকে কোরআনের তাফসির শোনাতেন। গত ৩ অক্টোবর রাত ১২টা ১২ মিনিটে লাখ লাখ ভক্তকে কাঁদিয়ে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে তিনি চলে যান। আল্লাহ তার দিনের খেদমতগুলো কবুল করে তাকে রহমতের চাদরে ঢেকে নিন। আমিন!

lলেখক :আল্লামা আবদুল বারী জেহাদী মুজাদ্দেদী (রহ)-এর পুত্র ও খতিব, মনিপুর বাইতুল আশরাফ (মাইকওয়ালা) জামে মসজিদ, মিরপুর, ঢাকা