ফিসফিসিয়ে বলল শরত্
পাওনি খোলা চিঠি?
শিউলি ডগায় জাফরানি রং
হাসছে মিটিমিটি!
কাশ দেখোনি, কেমন ছেলে?
লাগলো যেন ধাঁধা
বইয়ের পাতায় শুধুই পড়া
কাশফুলেরা সাদা।
মেঘবালিকা আকাশ নীলে
দৌড়ে বেড়ায় একি!
মুগ্ধ হয়ে ছাদবাড়িতে
একটু আকাশ দেখি।
ঢ্যাং কুড় কুড়, ঢ্যাং কুড় কুড়
বাজবে ঢোলক কবে?
এই শরতে বাদ্য বাজায়
ঢুলি পাড়ার সবে—
দুর্গা এলেন তবে?
