রোদ তুলেছে আনন্দ ঢেউ
বুনো জবার অন্তরে,
গঙ্গা ফড়িং লাফিয়ে চলে
অবাক হওয়ার মন্তরে।
কোন খুশিতে বাজলো মাদল
হাওয়ায় খেয়ে ডিগবাজি,
শিউলি ফুলের ঘ্রাণে ডুবে
শারদীয়ার ভোর সাজি।
অরুণ বায়ের রঙ ছুঁয়েছে
তরুণ মাঝির বুকের ঘর,
কাশের বনের রাঙা হাসি
ছুটলো যে আজ তেপান্তর।
টুকরো সাদা মেঘের বুকে
একলা আকাশ বুজলো চোখ,
শিশির ধোয়া আলতা পায়ে
শরত্ মেয়ের বোধন হোক।
