রঙ-তুলির গণ্ডি পেরিয়ে ভিন্ন মাত্রায় ইফাজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:৫৭

কখনো ধোঁয়া, কখনো জামের রস, আবার কখনো ছবি আঁকেন কফির গুঁড়ো দিয়ে। শুধু তাই নয়, সম্প্রতি ছবি এঁকেছেন কেবল গাম আর সুতা ব্যবহার করেও। বলছিলাম রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইফাজ মাহদীর কথা। যন্ত্র নিয়ে পড়লেও যান্ত্রিকতার বেড়াজালে আবদ্ধ হয়নি মন। বরং শিল্প সৃষ্টির নেশায় বরাবরই মগ্ন থাকেন তিনি।

মাহদী বলেন, 'আমি এই বিষয়টি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই যে, সৃজনশীলতা কখনোই বাধা মানে না বা কোনো নিয়মের গন্ডিতে আবদ্ধ থাকতে পারে না। রঙ তুলি না থাকলেও ছবি আঁকা যায়, এমনকি তা হয় আরও বেশি আকর্ষণীয়।'

প্রথম দিকে বেশি আঁকা হতো পেন্সিল স্কেচ। অ্যাক্রেলিক রঙ দিয়ে এঁকেছেন অসংখ্য ছবি। তবে এই যাত্রার মোড় ঘুরে যায় মোমবাতির আগুনের ধোঁয়া দিয়ে আইফেল টাওয়ারের ছবি আঁকার ফলে। ভিন্নধর্মী এই চিত্রকর্ম সকলের প্রশংসা কুড়ায়। ধারণা করা হয়, দেশে তিনিই প্রথম যিনি ধোঁয়া দিয়ে ছবি এঁকেছেন। ২০১৭ সালে এই প্রতিভা তাকে নিয়ে যায় বাংলালিংক আয়োজিত ‘নেক্সট টিউবার’ এর চূড়ান্ত পর্বের মঞ্চে।

আঁকতে কতটা উপভোগ করেন জানতে চাইলে তিনি বলেন, 'শখের যেকোনো কাজ মূলত নিজেকে আনন্দিত করার জন্যই। এ পর্যন্ত পরিবার ও বন্ধুদের থেকে অনেক সমর্থন পেয়ে এসেছি। আমার মনে হয়, প্রতিবার একটি ছবি আঁকার পর পরেরটা কী দিয়ে আঁকবো সেই প্রশ্ন সবাইকে রোমাঞ্চিত করে। এই বিষয়টি আমি খুব উপভোগ করি।'

ইফাজের সাম্প্রতিক কাজের মধ্যে উল্লেখযোগ্য সুতা দিয়ে আঁকা ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজের প্রফেসর চরিত্রের ছবি, জামের রস দিয়ে আঁকা ট্র্যাভেল ভ্লগার ‘নাদির অন দ্য গো’ -এর এবং কফি দিয়ে আঁকা সিনেমাটোগ্রাফার যুবায়ের তালুকদারের ক্যারিক্যাচার। এছাড়া সরিষার তেল দিয়ে এঁকেছেন ক্রিকেট অল-রাউন্ডার সাকিব আল হাসানের ছবি।

ক্যানভাস নিয়েও ধরাবাঁধা নিয়ম মানেন না তিনি। কখনো নিজের জুতা, পেন্সিল বাক্স, আবার কখনো ঘরের দেয়ালটাই হয়ে ওঠে তার ক্যানভাস।

ছবি আঁকার পাশাপাশি ফুটবল খেলা এবং ভিডিও তৈরীতেও পারদর্শী ইফাজ। স্কুল জীবন থেকেই ফুটবলের প্রতি ঝোঁক, আছে অনেক অর্জনও। ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের মৌসুমে এশিয়ান পেইন্টস আয়োজন করে ফুটবলের আবহ কেন্দ্রিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। পুরান ঢাকার ফুটবল গ্রাফিতির দেয়ালের সামনে ফুটবল স্টান্ট করা ছবির জন্য তিনি বিজয়ী হন এবং অর্জন করেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভ্রমণের টিকিট।

ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসেন ইফাজ। বর্তমানে নিজের নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত আর্ট ও ভ্রমণের উপর ভিডিও তৈরি করে আপলোড করেন তিনি। চেষ্টা করেন ক্ষেত্রগুলো এক সূত্রে গেঁথে কাজ করতে।

তার মতে, শিল্প সৃষ্টির মূল উদ্দেশ্য হওয়া উচিত আত্মতৃপ্তি অর্জন। দেশে আরও বেশি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং সৃজনশীল চিত্রকর্ম মানুষের কাছে আরও পৌঁছানো প্রয়োজন বলে মনে করেন তিনি। নতুন শিল্পীদের সহজ কিন্তু শক্তিশালী অর্থবহ শিল্প সৃষ্টির প্রতি তাগিদ দেন এই তরুণ।

ইত্তেফাক/এসটিএম