নোয়াখালী জেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে এসে কটূক্তির অভিযোগ আনা হয়েছে ৫ জনের বিরুদ্ধে। তারা হলেন, জাহাঙ্গীর শেখ, জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, ফারুক হোসেন ও শহিদ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে নোয়াখালীর সুধারাম মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে কটূক্তি করার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি প্রকাশের দিন বিকাল ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে নোয়াখালী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্ন ( ক্লিনার) কর্মচারী জাহাঙ্গীর শেখ উত্তর চাকলা গ্রামের হোসেনের ছেলে মো. ফারুক হোসেনের ফেসবুক আইডি থেকে জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, শহিদের সহযোগিতায় লাইভে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে অপমানজনক ও সম্মানহানিকর কথা বলেন।
এ উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহবায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
ইত্তেফাক/এনই
