এ বছর সিরাজগঞ্জে ৫০২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ও বৃহত্ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা। এবং ১৫ অক্টোবর মহাবিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উত্সবটির সমাপ্তি ঘটবে। শারদীয় উত্সবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের মতো সিরাজগঞ্জ জেলায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। দুর্গাপূজা সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিমা তৈরীর কাজ। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলার সব উপজেলার সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি মণ্ডপে পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করাসহ পুলিশ সর্বদা সতর্ক থাকবে। এছাড়া অতিগুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করা হবে। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, এবার জেলায় ৫০২টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়সহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
