তালতলীতে ২২ চীনা নাগরিক করোনায় আক্রান্ত

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:২৩

তালতলীতে ২২ জন চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাদেরকে তাপবিদ্যুত্ কেন্দ্রের মধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে। এসব নাগরিক দেড় মাস আগে চীন থেকে তালতলীতে এসেছে বলে জানা গেছে।  বরগুনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গত বুধবার তালতলী তাপবিদ্যুত্ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। বরিশাল থেকে বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের করোনার প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা দেওয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুত্ কেন্দ্রের মধ্যেই আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। তাদেরকে আলাদা কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের তাত্ক্ষণিক চিকিত্সার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তুত রয়েছে।