মহেশপুর উপজেলার ১২ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি তপশিল ঘোষণার পর সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জোর তত্পরতা শুরু করেছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য নেতাকর্মীরা দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে। তারা নৌকা প্রতীক চেয়ে এলাকার দলীয় সংসদ সদস্য ও জেলা উপজেলার নেতাদের কাছে তদবির করছে। এদিকে মেম্বার পদে দলীয় মনোনয়ন না থাকায় প্রতিটি ওয়ার্ডেই রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থী। একেক ওয়ার্ডে পাঁচ-ছয় জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭২ জন দলীয় মনোনয়ন চেয়েছেন। আর সবাই আওয়ামী লীগের একনিষ্ঠ নেতাকর্মী প্রমাণে ব্যস্ত। সবচেয়ে বেশি প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন আজমপুর ইউনিয়ন থেকে। এ ইউনিয়ন থেকে ১২ জন দলীয় মনোনয়ন চেয়েছেন। এছাড়া বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে ৯ জন ও নাটিমা ইউনিয়ন থেকে সাত জন দলীয় মনোনয়ন চেয়েছেন। অন্য ইউনিয়নগুলোতেও আওয়ামী লীগের চার-পাঁচ জন করে প্রার্থী মনোনয়ন চেয়েছেন। বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, এ সরকারের অধীনে দল কোনো নির্বাচনে যাবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল কোনো প্রার্থী দিবে না।
