ঠাকুরগাঁওয়ে কোচের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া এলাকার সাহাদাত ও সঞ্জয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম। স্থানীয়রা জানান, সকালে একটি যাত্রীবাহী কোচ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে করে ঐ দুই আরোহী যাচ্ছিলেন দিনাজপুরের দিকে। সদর উপজেলার ২৯ মাইল এলাকায় পৌঁছলে কোচটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই মোটরসাইকেল আরোহী। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
