খুলনায় চাঞ্চল্যকর কোকেন মামলায় এক জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:২৩

খুলনায় চাঞ্চল্যকর ২২ কোটি ৫০ লাখ টাকার কোকেন মামলায় এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আমৃত্যু কারাদণ্ডসহ আরো পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এনামুল হক। রায়ে আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসামি সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, ছগিরকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ জরিমানা অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিকাশ চন্দ্র মণ্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফকিরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছ?রের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ আগস্ট খুলনা মহানগর, দাকোপ ও রূপসাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোয়া দুই কেজি কোকেনসহ ছয় জনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। সব মিলিয়ে সোয়া দুই কেজি কোকেনের মূল্য ২২ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় র্যাব কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।