ওসমানীনগরে একটি কমিউনিটি ক্লিনিকের উন্নয়নকাজের উদ্বোধন নিয়ে বিএনপি জোট মনোনীত গণফোরাম থেকে সিলেট-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। একই সময়ে একই উন্নয়নকাজের উদ্বোধনের ঘোষণা দিয়েছে দুটি পক্ষ। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল আওয়ামী লীগের উদ্যোগে কমিউনিটি ক্লিনিক এলাকায় নামফলক উদ্বোধনবিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। একই দিন সংসদ সদস্য মোকাব্বির খান ঐ উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্প্রতি খাদিমপুর কমিউনিটি ক্লিনিকের সীমানাপ্রাচীর স্থাপনের জন্য দেড় লাখ টাকার সরকারি বরাদ্দ আসে। প্রাচীরের নির্মাণকাজ শেষে গতকাল সংসদ সদস্য মোকাব্বির খানকে দিয়ে তা উদ্বোধনের উদ্যোগ নেন প্রবাসীসহ এলাকার কিছু লোক।
