দর সর্বোচ্চ হারিয়েছে মেঘনা লাইফ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৩৮

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির বা ৩১ দশমিক ৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বুধবার মেঘনা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৫ দশমিক ১০ টাকা।

গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬০ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ২০ দশমিক ৫০ টাকা বা ১৭ দশমিক ৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা লাইফ ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৭ দশমিক ৯৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৭ দশমিক ৯১ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৬ দশমিক ৭৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬ দশমিক ৫৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬ দশমিক ২৭ শতাংশ, লাফার্জহোলসিমের ৫ দশমিক ৬০ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৫ দশমিক ৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫ দশমিক ৪৩ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ারদর ৫ দশমিক ৩৭ শতাংশ কমেছে।