বিএনপি এখন জনসমর্থনহীন -------তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:০১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘খালি কলসির

মতোই জনসমর্থনহীন বলেই বিএনপি বেশি বাজে।’ গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের প্রতিনিধিবৃন্দ বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে এলে তাদের সঙ্গে বৈঠক শেষে ড. হাছান আরো বলেন, ‘প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, কোন দুঃখে বিএনপিকে মানুষ ভোট দেবে! আবার কি পেট্রোল বোমা মারার জন্য, ৫০০ জায়গায় আবার একসঙ্গে বোমা বিস্ফোরণের জন্য, আদালতে বোমা বিস্ফোরণের জন্য এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল সে ধরনের হামলা হওয়ার জন্য, কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারের মতো সংসদ সদস্যরা মৃত্যুবরণ করার জন্য, বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমানের উত্পত্তি হওয়ার জন্য মানুষ তাদের ভোট দেবে?’

সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্যদের মধ্যে দুলাল আহমেদ চৌধুরী, বেলায়েত হোসেন, আজিজুল ইসলাম ভূঁইয়া, নাঈমুল ইসলাম খান, মীর মনিরুজ্জামান, মফিজুর রহমান, রিমন মাহফুজ এ সময় সম্প্রচারমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আইন বাস্তবায়নে সরকারের পাশে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করলে মন্ত্রীও তাদের ধন্যবাদ জানান। তথ্যমন্ত্রী এ সময় সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যা নির্ধারণে ত্রুটি পরিহার করে ঠিক সংখ্যা নির্ধারণের জন্য সম্পাদক নাঈমুল ইসলাম খানের প্রস্তাবসহ সার্বিকভাবে গণমাধ্যমের ক্ষেত্রে শৃঙ্খলা আনার বিষয়ে সম্পাদক ফোরাম প্রতিনিধিদের আগ্রহকে সাধুবাদ জানান।