জাতীয় প্রেসক্লাবে সন্ধানী চক্ষু চিকিত্সা ক্যাম্পে বিনা মূল্যে সেবা

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:০৩

জাতীয় প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিকিত্সা ক্যাম্পে গতকাল ক্লাবের প্রায় ২০০ সদস্য ও কর্মকর্তা-কর্মচারী চক্ষু চিকিত্সাসেবা গ্রহণ করেছেন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহায়তায় এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনা মূল্যে চক্ষু চিকিত্সাসেবা দেওয়া হয়। অনুষ্ঠানে মরণোত্তর চক্ষুদানেরও অঙ্গীকার করা হয়। বিনা মূল্যে চক্ষু চিকিত্সাসেবা দেওয়ার জন্য সন্ধানীকে ধন্যবাদ জানান ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন। সন্ধানী চক্ষুদান সমিতির পক্ষে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, ভবিষ্যতেও প্রেসক্লাবে তাদের চিকিত্সা সহায়তা অব্যাহত থাকবে।

স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপ-কমিটির আহ্বায়ক বখতিয়ার রানার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।