উদ্বাস্তুদের সংগ্রামের কাহিনি লিখে সাহিত্যে নোবেল তানজানিয়ার ঔপন্যাসিকের

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:৩৯

ঔপনিবেশিকতার প্রভাব আপোষহীনভাবে এবং আবেগের সঙ্গে লিখে চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুনরাহ। তার লেখায় ফুটে উঠেছে উদ্বাস্তুদের জীবন সংগ্রামের কাহিনী। গতকাল বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে আবদুলরাজাকের নাম ঘোষণা করা হয়। খবর সিএনএনের

১৯৪৮ সালে তানজানিয়ায় জন্মগ্রহণকারী আবদুলরাজাক তরুণ বয়সে ইংল্যান্ডে আসেন। তিনি ১০টি উপন্যাস লিখেছেন যার বেশির ভাগই উদ্বাস্তু তথা শরণার্থীদের নিয়ে। ১৯৯৪ সালে তার লেখা ‘প্যারাডাইজ’ উপন্যাসে বিংশ শতাব্দীতে এক ছেলে বেড়ে ওঠার গল্প লেখা হয় যা তাকে বুকার পুরস্কার এনে দেয়। ঐ সময় থেকেই ঔপন্যাসিক হিসেবে            তার খ্যাতি বাড়ে। ৭৩ বছর বয়সি আবদুলরাজাকের জন্ম পূর্ব আফ্রিকার জাঞ্জিবারে। ১৯৬০-এর দশকে তিনি উদ্বাস্তু হিসেবে ইংল্যান্ডে উপস্থিত হন। ১৯৬৩ সালে ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে জাঞ্জিবার মুক্ত হয়। কিন্তু সেই সময় সেদেশে শুরু হয় আরব বংশোদ্ভূতদের বিরুদ্ধে অত্যাচার এবং গণহত্যা। আবদুলরাজাক ও তার পরিবার আক্রমণের লক্ষ্য হয়ে পড়লে তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়। ১৯৮৪ সালের আগে তিনি আর স্বভূমিতে ফিরে যেতে পারেননি। এই বাস্তুচ্যুত হওয়ার বেদনা তাকে উত্তর ঔপনিবেশিকতাবাদের দিকে দৃষ্টি দিতে বাধ্য করে। পরবর্তীকালে ক্যান্টারবেরির ইউনিভার্সিটি অব কেন্ট এ ইংরেজি এবং উত্তর ঔপনিবেশিক সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন।