‘হু আর ইউ’— সাংবাদিকদের বললেন ব্যাংক কর্মকর্তা

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:৪০

প্রান্তিক চাষিদের গমের টাকা বিতরণে অনিয়মের যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে তথ্য চাইতে গেলে পঞ্চগড়ের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট শাখার এক কর্মকর্তা সাংবাদিকদের হুমকি প্রদান করেছেন। সাংবাদিকরা কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে ব্যবস্থাপক বরাবরে লিখিত আবেদন করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ঐ ব্যাংকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তথ্য চাইতে ম্যানেজার ধীমান রায়ের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান ম্যানেজারের কক্ষে প্রবেশ করে ‘হু আর ইউ’ বলে চিত্কার শুরু করেন। পরে তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা দাবি করে বলেন, তথ্য চাওয়ার আপনারা কে? আপনারা তো কার্ড দেখিয়ে সাংবাদিকতা করেন। বেতন পান না।  এরপর অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন। এসময় তাকে ম্যানেজার বার বার নিবৃত্ত করতে চাইলেও তিনি চিত্কার করতে থাকেন।

এসময় সাংবাদিকরা বলেন, আমরা নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে তথ্য চাইতে এসেছি। তথ্য না দিলে আমরা তথ্য ফরমে আবেদন করতে পারি। কিন্তু আমাদের সঙ্গে আপনারা এমন আচরণ করতে পারেন না। উত্তরে ঐ কর্মকর্তা বলেন, আপনারা তো ১ হাজার ৫০০ টাকাও বেতন পান না। আাামি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট বছর সাংবাদিকতা করেছি। আমাকে সাংবাদিকতা শেখাবেন না। সাংবাদিকরা বলেন, দীর্ঘ দিনের সাংবাদিকতার জীবনে এরকম আচরণ দেখেননি তারা।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবসহ সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক  বেশ কয়েকটি সংগঠন। ব্যাংক ম্যানেজার ধীমান রায় বলেছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পঞ্চগড় জেলার প্রধান শাখার ব্যবস্থাপক শফিউল হক বলেন, ঘটনাটি শুনেছি। আগামী রবিবার এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।