গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি, ২০ অক্টোবর বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।
ইসলাম ধর্মের সর্বশেষ নবি ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জন্ম ও ওফাতের পুণ্যস্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। ১২ রবিউল আউয়ালকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহতায়ালা।
